Print Date & Time : 13 October 2026 Tuesday 09:15 pm

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৬০, নিখোঁজ আরও অনেকে

image

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

এএফপির খবরে বলা হয়েছে, পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে আল-জারা স্বর্ণখনিতে মঙ্গলবার বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন বুধবার সকালে ধ্বংসস্তূপ থেকে ৬০টি লাশ উদ্ধার করা হয়।

তবে ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঘটনা থেকে বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, খনির শ্রমিক সহকর্মীদের সঙ্গে সারারাত উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যান।

খনির সুড়ঙ্গ ধসে পড়ার ঘটনায় বিপুলসংখ্যক শ্রমিকের প্রাণহানির পাশাপাশি অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জা.অর্থনীতি/এসআই