নীলফামারী প্রতিনিধি: ২০তম এশিয়ান গেমসে টেকনিক্যাল অফিসিয়াল (রেফারি) হিসেবে কাবাডি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনের জন্য জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন নীলফামারীর এনামুল হক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে একটি আন্তর্জাতিক ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এনামুল হক নীলফামারী সদর উপজেলার দক্ষিণ দোনদরী এলাকার অধিবাসী।
ক্রীড়াঙ্গন সূত্রে জানা গেছে, এনামুল হক দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে জাতীয় কাবাডি দলের খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কাবাডি খেলায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিয়মানুবর্তিতা ও বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন তাকে এশিয়ান গেমসের মতো বৃহৎ ক্রীড়া আসরে টেকনিক্যাল অফিসিয়াল (রেফারি) হিসেবে মনোনীত করেছে।
জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়ার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এনামুল হক জানান, আন্তর্জাতিক অঙ্গনে এমন মর্যাদাপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের জন্য তিনি নীলফামারীবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
এদিকে আন্তর্জাতিক ক্রীড়া আসরে রেফারি হিসেবে তার মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নীলফামারীর ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সংগঠকেরা মন্তব্য করেন, এনামুল হকের এই অর্জন নীলফামারীর কাবাডি তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।
—জা. অর্থনীতি/এলএটি