Print Date & Time : 04 November 2026 Wednesday 06:37 pm

ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে কৃষকদের সংবাদ সম্মেলন

image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভুট্টা বিক্রি করার চার মাস পার হলেও পাওনা টাকা না পাওয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। স্থানীয় ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে প্রায় ৩৫ লাখ টাকা বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকেরা অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী ভুট্টা বিক্রির সাত দিনের মধ্যে পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শস্য ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিক দীর্ঘ সাড়ে চার মাস ধরে তা পরিশোধ করছেন না। উল্টো কৃষকদের না জানিয়ে তাদের বিক্রি করা ভুট্টা নিজস্ব গোডাউন থেকে আটটি ট্রাকে করে সরিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। টাকা ফেরত চাইলে বারবার তা দেওয়ার তারিখ পিছিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তারা জানান।

ভুক্তভোগীদের দাবি, এলাকার প্রায় ৪০ জন কৃষকের আনুমানিক ৩৫ লাখ টাকা ওই ব্যবসায়ীর কাছে পাওনা রয়েছে। ফসল বিক্রির টাকা না পাওয়ায় সংসারের নিয়মিত খরচ চালানো এবং আসন্ন মৌসুমে নতুন ফসল আবাদের জন্য সার, বীজ ও কৃষি সরঞ্জাম কেনা অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই তারা প্রশাসনের দ্বারে উপস্থিত হয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত পাওনা টাকা আদায় এবং প্রতারক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ দাবি করেন কৃষকেরা।

এ ব্যাপারে অভিযুক্ত ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

—জা. অর্থনীতি/এলএটি