Print Date & Time : 07 November 2026 Saturday 03:40 am

লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

image

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার দায়ে তিনটি কেমিক্যাল প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। 

বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সার্বিক সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, 'বিএসটিআই আইন, ২০১৮' অনুযায়ী গুণমান পরীক্ষা ও অনুমোদন ব্যতীত কয়েল তৈরির অপরাধে 'আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিং'কে ২ লাখ টাকা, 'গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানি'কে ২ লাখ টাকা এবং 'রাফি কেমিক্যাল প্রোডাক্টস'কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি অবিলম্বে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স গ্রহণের কঠোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় ও সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

জনস্বাস্থ্য ও ভোক্তাদের সার্বিক স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে বিএসটিআইয়ের নরসিংদী আঞ্চলিক কার্যালয় জানায়, অনুমোদনহীন ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি