Print Date & Time : 07 November 2026 Saturday 07:34 pm

ওমানে হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক বৈঠক স্থগিত

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে ওমানে হরমুজ প্রণালি নিয়ে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঐকমত্যে পৌঁছানোর প্রয়োজনের কারণে। আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করে এমন সংলাপের প্রতি ওমানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গঠনমূলক আলোচনা ও টেকসই সমঝোতার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আলিবেক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধের পর বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান ও ওমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন তারিখ নির্ধারণে তেহরান মাসকাটের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলেও জানান তিনি।

বৈঠকে আয়োজক ওমান ছাড়াও ইরান, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের অংশ নেওয়ার কথা ছিল। তবে ইরানের হামলার অভিযোগ তুলে শনিবার বাহরাইন বৈঠক বর্জনের ঘোষণা দেয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার আল-আরাবি আল-জাদিদকে জানান, হরমুজ প্রণালিতে জাহাজ প্রবেশ ও বের হওয়ার জন্য নতুন পথ নির্ধারণে ইরান-ওমানের একটি চুক্তির বিস্তারিত তথ্য ও মানচিত্র অংশগ্রহণকারী দেশগুলোকে দেওয়ার কথা ছিল।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ওই চুক্তির অর্থ কৌশলগত জলপথটি পুরোপুরি খুলে দেওয়া নয়।

সূত্র: শাফাক নিউজ

—জা. অর্থনীতি/এএইচএ