জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জমিতে শাক তোলার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উত্তরপাড়া গ্রামের মো. সুরুজ মন্ডলের ছেলে। তিনি পেশায় পল্লি চিকিৎসক এবং দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আনোয়ার হোসেন নিজ বাড়ির পাশের জমিতে সার বপন করতে যান। কাজ শেষে জমি থেকে শাক তোলার সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকস্মিক বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার শরীরে আগুন ধরে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় হাতেম আলী জানান, বজ্রপাতের সাথে সাথে আনোয়ারের শরীরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত নেভানোর জন্য ছুটে যান। তবে কাছে পৌঁছে তিনি আনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পান।
হঠাৎ এমন ঘটনায় পরিবার ও এলাকাটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা।
—জা. অর্থনীতি/এলএটি