Print Date & Time : 07 November 2026 Saturday 07:15 pm

জামালপুর কলেজের হলরুম থেকে যুবকের মরদেহ উদ্ধার

image

জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান, খবর পেয়ে হল প্রশাসন দ্রুত ঘটনাস্থলে যায়। নিহত যুবক এই হলের কোনো আবাসিক শিক্ষার্থী নন। কীভাবে এবং কেন তিনি হলে এসেছিলেন কিংবা মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা পুলিশের তদন্ত শেষে জানা যাবে।

ওসি জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আইনগত প্রক্রিয়া সম্পন্ন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি