Print Date & Time : 08 November 2026 Sunday 04:58 am

হাজীগঞ্জে ইউএনও নিজেই করলেন ঝোপঝাড় পরিষ্কার

image

চাঁদপুর প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে চাঁদের হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভা ভবনসংলগ্ন এলাকায় ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্কাউট সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই নেমে পড়েন ঝোপঝাড় পরিষ্কারে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি হাতে সরঞ্জাম নিয়ে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন। এ সময় উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কাউট সদস্য এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিকালীন উপজেলা পরিষদ ও পৌরসভার আশপাশে জমা থাকা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণ, এডিস মশার বংশবৃদ্ধি রোধে দীর্ঘদিনের ঝোপঝাড় কেটে পরিষ্কার এবং মশক নিধন বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও জানান, ডেঙ্গুর বিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে- বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা কিংবা নিচু জায়গায় পানি জমা বন্ধ করতে হবে। তিনি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শুধু সরকারি দপ্তর নয়, সর্বসাধারণকে নিজ নিজ বসতবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।  

—জা. অর্থনীতি/এলএটি