Print Date & Time : 07 November 2026 Saturday 11:51 am

নেটওয়ার্ক নেই, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বেঁধে রাখলেন গ্রামবাসী

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরে মোবাইল নেটওয়ার্কের সমস্যাকে কেন্দ্র করে এক টেলিকম কর্মীকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফতেপুরের হারদৌলি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতার সমস্যায় ভুগছেন। গ্রামে মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও ঠিকমতো ফোন কল করা কিংবা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ তাদের। বিশেষ করে ৫জি পরিষেবার জন্য রিচার্জ করেও প্রত্যাশিত নেটওয়ার্ক না পাওয়ায় ক্ষোভ আরও বাড়তে থাকে।

গ্রামবাসীদের দাবি, নেটওয়ার্ক সমস্যার বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।

অভিযোগ, সম্প্রতি নেটওয়ার্ক সংক্রান্ত কাজের জন্য ওই এলাকায় এক টেলিকম টেকনিশিয়ান গেলে গ্রামবাসীরা তাকে আটক করেন। পরে তাকে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। টেলিকম সংস্থার কর্মকর্তারা গ্রামে এসে নেটওয়ার্ক সমস্যার সমাধান না করা পর্যন্ত ওই কর্মীকে মুক্তি দেওয়া হবে না বলেও দাবি করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই টেকনিশিয়ানকে উদ্ধার করে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেশ সিং জানান, নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই কর্মীকে আটকে রাখার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ভিডিওও যাচাই করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন

জা.অর্থনীতি/এসআই