Print Date & Time : 02 November 2026 Monday 07:00 am

হুথিদের সামরিক তৎপরতায় লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

image

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের উপকূলীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ ও সামরিক উপস্থিতি বাড়িয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের সাম্প্রতিক সামরিক তৎপরতায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সমুদ্রপথের অন্যতম গুরুত্বপূর্ণ রুট বাব আল-মানদেব। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এ অঞ্চলে কোনো ধরনের সামরিক অস্থিরতা তৈরি হলে তা আন্তর্জাতিক নৌবাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে সরাসরি প্রভাব ফেলতে পারে।

সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর চাপ সৃষ্টি বা চলাচল ব্যাহত করার সক্ষমতা তাদের বাড়তে পারে। এতে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হুথিদের এই অগ্রযাত্রাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়লে এর প্রভাব আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, বাব আল-মানদেব ঘিরে হুথিদের সামরিক অবস্থান আরও শক্তিশালী হলে লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক নৌযান চলাচল সুরক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হবে।

জা.অর্থনীতি/এসআই