Print Date & Time : 07 November 2026 Saturday 05:34 pm

বৃষ্টিতে সরবরাহ কমে বেড়েছে সবজির দাম

image

অনলাইন ডেস্ক: কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। প্রতি কেজি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে এটি। একই দামে বিক্রি হচ্ছে গাজরও। লম্বা বেগুনের কেজি ১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এ ছাড়া পটল, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা, করলা ও শসার কেজি ৮০ টাকা।

টমেটোর কেজি ১০০ টাকা, কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউয়ের দাম ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা। তবে তুলনামূলক কম দামে মিলছে পেঁপে, যার কেজি ৩০ টাকা।

বাড্ডা বাজারে বাজার করতে আসা রহিমা বেগম বলেন, গত সপ্তাহের তুলনায় এবার প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। ছুটির দিনে বাজার করতে এসে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।

মহাখালি বাজারের সবজি বিক্রেতা জাকির হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে সবজির সরবরাহ কিছুটা কমেছে। ফলে পাইকারি বাজারেও দাম বেড়েছে। তবে বৃষ্টি কমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও কমতে পারে বলে আশা করছেন তিনি।

জা.অর্থনীতি/এসআই