Print Date & Time : 08 November 2026 Sunday 01:12 am

স্মার্টফোন সাইবার হামলা থেকে বাঁচাতে মানুন ৫ সহজ নিয়ম

image

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যাংকিং, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত ছবি-তথ্যের গুরুত্বপূর্ণ ভাণ্ডার। ফলে ম্যালওয়্যার, ফিশিংসহ বিভিন্ন সাইবার হামলায় ফোন আক্রান্ত হলে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই কয়েকটি সতর্কতা মেনে চলা জরুরি।

নিয়মিত আপডেট ও রিস্টার্ট: ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট করুন। নিরাপত্তাজনিত দুর্বলতা ঠিক করতে এসব আপডেট গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত ফোন রিস্টার্ট করাও কিছু ক্ষতিকর প্রক্রিয়া বন্ধ করতে সহায়ক হতে পারে। তবে শুধু রিস্টার্ট করলেই সাইবার হামলা ঠেকানো সম্ভব নয়।

অপ্রয়োজনে ব্লুটুথ বন্ধ: অপরিচিত বা জনবহুল স্থানে প্রয়োজন ছাড়া ব্লুটুথ চালু না রাখাই ভালো। অপরিচিত ডিভাইসের পেয়ারিং অনুরোধও গ্রহণ করা উচিত নয়।

পাবলিক ইউএসবি ব্যবহারে সতর্কতা: বিমানবন্দর, হোটেল বা ক্যাফের পাবলিক ইউএসবি পোর্ট থেকে চার্জ নেওয়ার সময় ঝুঁকি থাকতে পারে। সম্ভব হলে নিজের চার্জার-অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাংক ব্যবহার করুন। প্রয়োজন হলে ডাটা ব্লকারও ব্যবহার করা যেতে পারে।

অপরিচিত ওয়াই-ফাই এড়িয়ে চলুন: ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকি থাকে। নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিশ্চিত হয়ে ব্যবহার করুন। পাবলিক নেটওয়ার্কে ব্যাংকিংয়ের মতো সংবেদনশীল কাজ এড়িয়ে চলুন।

অ্যাপের পারমিশন পরীক্ষা: কোন অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি পেয়েছে, তা নিয়মিত দেখুন। অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করুন এবং সন্দেহজনক অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।

পাশাপাশি শক্তিশালী পাসকোড, দুই স্তরের নিরাপত্তা এবং অপরিচিত লিংক এড়িয়ে চলার অভ্যাস স্মার্টফোনের নিরাপত্তা আরও বাড়াতে পারে।

জা.অর্থনীতি/এসআই