লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিস্তাপাড়ের হতদরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দর্জি প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী উচ্চ বিদ্যালয় হলরুমে সুফলভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
স্থানীয়রা জানান, তিস্তা নদীর ভাঙন ও দারিদ্র্যে জর্জরিত এ অঞ্চলের অধিকাংশ নারী উপযুক্ত কর্মসংস্থানের অভাবে নিদারুণ অর্থকষ্টে দিনাতিপাত করেন। বিশেষ করে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীরা পুঁজির অভাবে সন্তান-সন্ততি নিয়ে চরম সংকটে পড়েন, যার ফলে অনেকেই বাধ্য হয়ে সন্তানদের শিশুশ্রমে পাঠাতেন। এই সামাজিক সমস্যা রোধ ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচির অংশ হিসেবে তিস্তাপাড়ের ১৫ জন নারীকে দুই সপ্তাহের নিবিড় দর্জি প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলে বিজিবি।
প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত উপকারভোগী রুমী আক্তার জানান, সম্প্রতি স্বামী হারিয়ে তিনি দুই সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন। বিজিবির এই উদ্যোগ ও সেলাই মেশিন প্রদান তার পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে।
উপহার হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, "অসহায় নারীদের দক্ষ করে তুলে জীবিকার সংস্থান করা আমাদের প্রধান লক্ষ্য। তারা যদি এই প্রশিক্ষণ ও সেলাই মেশিনকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, তবেই আমাদের এই প্রয়াস সফল হবে। বিজিবির সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং সহকারী পরিচালক আবদুর রাজ্জাকসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি