Print Date & Time : 08 November 2026 Sunday 06:37 am

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে সেচকাজে ব্যবহৃত সব ডিজেলচালিত পানির পাম্প পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কৃষকদের ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় ডিজেলচালিত পাম্পে সেচ দেওয়া হয়, আগামী পাঁচ বছরের মধ্যে সেগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও অ্যাগ্রিভোলটাইক্সসহ অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০–৫৫০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামের ওপর শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, পরিবেশগত ক্ষতি কমাতে ভবিষ্যতে রুফটপ সোলারে লিথিয়াম ব্যাটারি ব্যবহারে বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই