Print Date & Time : 07 November 2026 Saturday 07:36 pm

টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

image

অনলাইন ডেস্ক: ফ্রান্সভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস থেকে প্রতিমাসে দুই কার্গো করে আগামী ৯ মাসে ১৮ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে বাংলাদেশ আগ্রহী হলে—কোম্পানিটি থেকে আরও বেশি এলএনজি আমদানি করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি টোটাল এনার্জিস থেকে এলএনজি আমদানির এই প্রস্তাব নীতিগত অনুমোদন করেছে। আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে এসব এলএনজি আমদানি করবে সরকার।

নিয়মানুযায়ী, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর—এলএনজির দাম নিয়ে আলোচনা করবে পেট্রোবাংলা ও টোটাল এনার্জিস। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চূড়ান্ত হওয়া দাম সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলে ক্রয়চুক্তি স্বাক্ষর করবে দুই পক্ষ।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে, দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটানোর জন্য টোটাল এনার্জিস এর নিকট হতে—চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের জুন পর্যন্ত প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি বা প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি থাকলেও—ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশ দুটি চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ করতে না পারায় বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

এই প্রেক্ষিতে সরকার স্পট মার্কেট থেকে উচ্চ দরে এলএনজি আমদানি করার পাশাপাশি, বিকল্প বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভর থেকে ২০৩৮ সাল পর্যন্ত এলএনজি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে সরকার।

—জা.অর্থনীতি/আইবিএম