Print Date & Time : 08 November 2026 Sunday 12:38 am

পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, আটক ৬

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে পাথর উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন জব্দ করায় বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত সদস্যদের হুমকি দেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আটককৃতদের পাটগ্রাম থানা-পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় বিবরণ সূত্রে জানা যায়, মঙ্গলবার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যান জোয়ানরা। এ খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি ক্যাম্পে প্রবেশ করেন। সেখানে তারা বিজিবি সদস্যদের ভয়ভীতি দেখান এবং হুমকি দিয়ে জব্দকৃত ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করেন। আটককৃতরা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন এবং দুলাল মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বরত সদস্যদের হুমকি প্রদান ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে লিখিত এজাহার দেওয়া হয়েছে। মামলাটি নথিভুক্ত করে গ্রেপ্তারকৃত ৬ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি