মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জয়ন্ত নম মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- দক্ষিণ গোপদিঘী গ্রামের জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল এবং একই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা আক্তার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে গোসল করতে যায় জয়ন্ত ও হাফিজা। গোসলের একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে গভীর পানিতে তলিয়ে যায় তারা। স্বজনেরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে জয়ন্তের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে হাফিজা ও জয়ন্তের নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই গ্রামের দুটি শিশুসন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো দক্ষিণ গোপদিঘী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি