Print Date & Time : 08 November 2026 Sunday 12:22 am

সৌদি আরবে হুতিদের হামলা, নারী-শিশুসহ আহত ৭৩

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

আল-মালিকি বলেন, হুতিদের হামলায় সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান প্রদেশের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলাগুলো ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় জানাননি। তিনি ঘটনাটিকে সৌদি সার্বভৌমত্বের ওপর ‘বিপজ্জনক ও স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে হুমকির উৎস মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি জ্বালানি খাতের স্থাপনা ও অবকাঠামোতে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

এদিকে হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে হুতিরা ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকায় একটি কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ করে। তাদের দাবি, ওই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। সৌদি আরব এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাত শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত তীব্র হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২৪ আগস্ট থেকে ইয়েমেনে সংঘাতে প্রায় ১ হাজার ৭৮ জন নিহত বা আহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

জা.অর্থনীতি/এসআই