Print Date & Time : 08 November 2026 Sunday 12:36 am

মাঝ আকাশে জ্বালানি শেষ, ফ্লাইটের জরুরি অবতরণ

image

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে বিমানের প্রথম ইঞ্জিনে তেলের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতের কেরালা রাজ্যের কোচি থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটি পরে নিরাপদে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এ ঘটনায় উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজটির ফ্লাইট নম্বর ছিল এআই-৪১৫। কোচি থেকে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর একজন পাইলট লক্ষ্য করেন, বিমানের প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ বিপজ্জনকভাবে কমে গেছে।

পরিস্থিতি বিবেচনা করে পাইলটরা দ্রুত কোচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের বরাতে জানা গেছে, বিমানের তেলের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আবুধাবি পর্যন্ত যাত্রা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এমনকি কোচিতে ফেরার পথেও তেলের চাপ আরও কমে গেলে দুর্ঘটনা এড়াতে প্রথম ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা।

মাঝ আকাশে এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কী কারণে বিমানের ইঞ্জিনে তেলের পরিমাণ বা চাপ এতটা কমে গিয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি এয়ার ইন্ডিয়া। উড়োজাহাজটিতে মোট কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সে তথ্যও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পর বিধ্বস্ত হয়ে ২৪১ জন আরোহী ও ভূমিতে থাকা ১৯ জন নিহত হন।

জা.অর্থনীতি/এসআই