Print Date & Time : 07 November 2026 Saturday 11:27 am

এআই নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় রোবটদের প্রতিবাদ

image

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্বজুড়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন অভিনব এক প্রতিবাদের সাক্ষী হলো পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। এআই নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সুরক্ষার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে প্রায় ৩০টি রোবট।

সোমবার (৭ সেপ্টেম্বর) ওয়ারশতে পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মানুষের মতো দেখতে দ্বিপদী হিউম্যানয়েড রোবটের পাশাপাশি কুকুরের মতো চার পা-ওয়ালা রোবটও অংশ নেয়। রোবটগুলো হাতে পতাকা নিয়ে মিছিল করে এবং লাউডস্পিকারে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়।

‘কর্মসংস্থান রক্ষা কর’, ‘নিয়ম করার সময় এসেছে’ এবং ‘অপেক্ষা নয়, এখনই নিয়ন্ত্রণ কর’-এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভস্থল।

‘ডেমোক্রাটিজম’ নামের একটি উদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির দাবি, এআই ও রোবোটিক প্রযুক্তি কীভাবে শ্রমবাজারকে প্রভাবিত করছে, তা নিয়ে জনসচেতনতা ও আলোচনা তৈরি করাই তাদের লক্ষ্য।

আয়োজক গ্রজেগর্জ কুলিস বলেন, হিউম্যানয়েড রোবট ও এআইয়ের কারণে ভবিষ্যতে মানুষের চাকরি প্রতিস্থাপিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

বিক্ষোভে অংশ নেওয়া এআই-চালিত হিউম্যানয়েড রোবট ‘আগিবট এ৩’ও প্রযুক্তির বর্তমান সক্ষমতার বিষয়টি তুলে ধরে। আয়োজকদের মতে, রোবটদের রাস্তায় নামানোর উদ্দেশ্য ছিল প্রযুক্তি আর ভবিষ্যতের বিষয় নয়, বরং ইতোমধ্যেই বাস্তবতার অংশ-এ বিষয়টি মানুষের সামনে তুলে ধরা।

জা.অর্থনীতি/এসআই