নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মহান মুক্তিযুদ্ধের বিএলএফ বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হয়।
এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুরে মরহুমের বসুরহাটের বাসভবন প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের ছেলে রাইসুল ইসলাম তপন গভীর শোক প্রকাশ করে জানান, সম্প্রতি মাতৃহীন হওয়ার শোকের মাঝেই বাবাকে হারিয়ে তাদের পরিবার চরম অভিভাবকশূন্যতায় পড়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আবুল খায়ের স্থানীয় মুক্তিকামী যুবকদের সংগঠিত করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ও প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি