Print Date & Time : 07 November 2026 Saturday 02:51 am

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলযোগে স্কুল চৌমুহনী এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক নারী পথচারী সড়ক পার হওয়ার জন্য সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন মৃদুল। এ সময় তিনি একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

১১০ বছরেও বদলায়নি সিলেট-আখাউড়া রেলপথ

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ২টার দিকে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতব্বর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ কুলাউড়ায় আনা হবে।

মৃদুলের এমন অকাল মৃত্যুতে কুলাউড়া পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রায় ৪ মাস পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

স্বজন ও প্রতিবেশীরা জানান, মৃদুল ছিলেন খুবই বিনয়ী ও মানবিক একজন যুবক। পথচারীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন তিনি।

স্কুল চৌমুহনী এলাকায় গতি নিয়ন্ত্রক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, ব্যস্ততম এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

—জা. অর্থনীতি/এনজে