লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের পাটওয়ারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটওয়ারীর বাড়ির আবু ছিদ্দিক পাটওয়ারী (৬৫) এবং তার নাতি পিয়াস (৮) ও নাতনি প্রেমা (৭)। নিহত শিশু দুটি আবু ছিদ্দিক পাটওয়ারীর ছেলে ও মেয়ের সন্তান বলে জানা গেছে।
স্থানীয় ও পারিাবরিক সূত্রে জানা যায়, দুপুরে আবু ছিদ্দিক পাটওয়ারী তার নাতি-নাতনিকে সাথে নিয়ে বসতবাড়ির পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তিনজনই গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানি থেকে একে একে তিনজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা।
ওসি জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এবং প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেছে।
—জা. অর্থনীতি/এলএটি