Print Date & Time : 25 October 2026 Sunday 06:45 am

মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

image

আন্তর্জাতিক ডেস্ক: মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রয়াত্ত্ব পত্রিকা আল-আহরাম জানিয়েছে, আসামিরা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রি করতেন। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও পাওয়া গেছে।

সারাহ খলিফা নামের ৩৯ বছর বয়সী ওই টিভি উপস্থাপক অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ এর জন্য মিশরে সুপরিচিত। মামলায় আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

মিশরে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়া শুরু হলে রায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। গত মাসে দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ওই চক্রের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে বলে মামলার শুনানিতে আদালতকে জানানো হয়।

মামলায় ২০ জন সাক্ষী প্রসিকিউশনের কাছে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া আসামিদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে আদালতে জিজ্ঞাসাবাদের সময় সারাহ খলিফা দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগে তিনি কখনো কোনো মাদক দেখেননি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মিশরে ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ