Print Date & Time : 08 November 2026 Sunday 03:07 am

শেষ হলো তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬

image

নিজস্ব প্রতিবেদক: শেষ হলো বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। এ সময় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

পর্যটন ব্যবসায়ীদের সংগঠন বোটোয়া জানায়, পর্যটন খাতে ব্যবসা সম্প্রসারণ, নেটওয়ার্কিং এবং বিশ্ববাজারে শক্তিশালী সংযোগ গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয় 'বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)'। দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করাই ছিল এই ট্রাভেল মার্টের মূল লক্ষ্য বলে জানানো হয়।

তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), পর্যটন সংস্থাসহ বিভিন্ন ভ্রমণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ক্রেতা। এর আগে বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬-এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পর্যটন খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনের দিন থেকেই মেলায় দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়। দেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানার পাশাপাশি ট্যুর প্যাকেজ, বিমান ভাড়া, থাকা-খাওয়ার সুবিধা ও ভিসা-সংক্রান্ত খোঁজখবর নেন দর্শনার্থীরা।

—জা.অর্থনীতি/আরএস