Print Date & Time : 07 November 2026 Saturday 04:58 am

ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

image

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। এমনকি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে অন্য কেউ সম্মেলনে অংশ নেবেন কি না, সেটিও দিল্লির জানা নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর আগে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় নরেন্দ্র মোদির সরকার। তবে সেই সফরের সময়সূচি নিয়েও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেছেন কি না, সে সম্পর্কেও ভারত অবগত নয় বলে জানান জয়সোয়াল।

সম্প্রতি দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে (এফসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। গত ৫ আগস্টের ওই অনুষ্ঠানে তার বক্তব্যের পর ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জোরালো হয়েছে।

বর্তমানে ব্রিকসের সদস্য দেশ ১১টি-ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

জা.অর্থনীতি/এসআই