Print Date & Time : 28 October 2026 Wednesday 05:24 am

২ লরি বোঝাই ৮০০ ব্যারেল বিয়ার চুরি

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের চেশায়ারের রাঙ্কর্নে একটি ডিপো থেকে দুই লরিতে করে ৮০০টির বেশি ব্যারেল গিনেস বিয়ার চুরি হয়েছে। এসব ব্যারেলে থাকা গিনেসের পরিমাণ প্রায় ৭০ হাজার পিন্ট। চুরি যাওয়া মদ্যপ পানীয়টির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার পাউন্ড।

চেশায়ার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে অ্যাস্টন লেনের হোয়াইটহাউস ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি ডিপো থেকে দুটি এইচজিভি ট্রেলার নিয়ে পালিয়ে যায় চোরেরা। প্রথম লরিটি স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে এবং দ্বিতীয়টি রাত সাড়ে ৯টার দিকে চুরি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চুরি হওয়া প্রতিটি ব্যারেলে প্রায় ৮৮ পিন্ট করে গিনেস ছিল। ব্যারেলগুলো বিভিন্ন পাব বা পানশালায় সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

চুরি হওয়া একটি লরিকে মার্সি গেটওয়ে সেতুর দিকে এবং অন্যটিকে রেইনহিল ও ওয়াটকিনসন ওয়ের দিকে যেতে দেখা গেছে। দুটি লরিই পুরুষরা চালাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

প্রথম চালককে শ্বেতাঙ্গ, স্বল্পদৈর্ঘ্য কালো দাড়িওয়ালা এবং মাথায় বিনি টুপি পরা অবস্থায় দেখা গেছে। দ্বিতীয় চালকের মাথায় ক্যাপ ছিল বলে জানিয়েছে পুলিশ।

চুরি হওয়া ট্রেলারগুলো সাদা রঙের, তিন-অ্যাক্সেলযুক্ত এবং জিএক্সও লজিস্টিকসের ব্র্যান্ডিং রয়েছে। এগুলোর পেছনের দরজায় আলাদা শনাক্তকারী নম্বর রয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া ট্রেলারগুলোর নম্বর DL736 অথবা DL542।

গিনেস ও ট্রেলারসহ চুরির ঘটনায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৫ হাজার পাউন্ড বলে জানিয়েছে চেশায়ার পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই