Print Date & Time : 08 November 2026 Sunday 01:14 am

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধির উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

image

শার্শা (যশোর): স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলকে ঘিরে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন যশোরের শার্শা উপজেলার কাশীপুরের এলাকাবাসী। বর্ষায় সমাধিস্থলে যাওয়ার একমাত্র রাস্তায় জমে থাকা হাঁটুপানি নিরসন করে স্থায়ী রাস্তা সংস্কার, একটি জাদুঘর, মিলাদ মাহফিলের ঘর, অতিথিদের বসার ব্যবস্থা এবং পাশে একটি পোস্ট অফিস স্থাপনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত কার্যকর হস্তক্ষেপ চান স্থানীয়রা।

আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী। প্রতিবছর এ দিনসহ বিভিন্ন জাতীয় দিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এলেও যাতায়াতের ভোগান্তি কমেনি। 

সরেজমিনে জানা গেছে, সমাধিস্থলে যাওয়ার একমাত্র রাস্তাটিতে বর্ষাকালে হাঁটুপানি জমে থাকে। পাশাপাশি অবকাঠামোগত সুবিধা না থাকায় খোলা আকাশের নিচে বা সাময়িক ব্যবস্থার ওপর নির্ভর করে মিলাদ ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করতে হয়। সমাধিস্থলের মাঝ দিয়ে যাওয়া রাস্তাটি পাশ দিয়ে সরিয়ে নিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার দাবি সচেতন মহলের।

নড়াইল সদরের মহিষখোলা (বর্তমান নূর মোহাম্মদনগর) গ্রামে জন্ম নেওয়া এই বীর ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শার গোয়ালহাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। পরে তাকে কাশীপুরে সমাহিত করা হয়, যেখানে আরও কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ আমাদের জাতীয় গৌরব। স্থানীয়দের দীর্ঘদিনের এসব যুক্তিসঙ্গত দাবি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি