Print Date & Time : 24 October 2026 Saturday 10:18 am

আজ শুভ জন্মাষ্টমী

image

অনলাইন ডেস্ক: আজ শুক্রবার (৪ সেপ্টম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

রাজধানীতে কেন্দ্রীয়ভাবে জন্মাষ্টমীর কর্মসূচি পালন করছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টায় পলাশীর মোড়ে আলোচনা সভার পর শুরু হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের।

শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার ও গোলাপ শাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।

এদিকে ইসকন ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক। এছাড়া সারাদেশেও নানান আনুষ্ঠানিকতায় পালিত হবে শুভ জন্মাষ্টমী।

জা.অর্থনীতি/এসআই