অনলাইন ডেস্ক: টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৯১ টাকা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর তিন দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই