অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি মঙ্গলবার রাতে মাছ ধরতে সাগরে যায়। বৃহস্পতিবার ভোরে নাজিরারটেকের কাছাকাছি পৌঁছালে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর আশপাশের জেলেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে পানির স্রোতে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনো পাওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে এবং অন্য ট্রলারের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়েছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের অভিযান চলছে।
জা.অর্থনীতি/এসআই