আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দর আবারও রেকর্ড পরিমাণে কমেছে। বুধবার (২ সেপ্টম্বর) এক ডলারের বিনিময়মূল্য প্রায় ২২ লাখ রিয়ালে পৌঁছায়। গত দুই সপ্তাহে রিয়ালের দ্রুত অবমূল্যায়নের ধারাবাহিকতায় এই নতুন রেকর্ড তৈরি হয়েছে।
গত ২৩ আগস্ট প্রথমবারের মতো এক ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়েছিল। এরপর থেকে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রিয়ালের মূল্য আরও প্রায় ৯ শতাংশ কমেছে।
এর আগে, আগস্টের মাঝামাঝি সময়ে প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। আর এক বছর আগে একই সময়ে এক ডলারের দাম ছিল প্রায় ৯ লাখ ৫৮ হাজার রিয়াল।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক এই দরপতন দেশটির মুদ্রাবাজারে চলমান চাপকে আরও স্পষ্ট করে তুলেছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
জা.অর্থনীতি/এসআই