Print Date & Time : 08 November 2026 Sunday 10:10 am

চিরসবুজ লাউয়াছড়ায় বানরদের পারিবারিক দৃশ্যে মুগ্ধ পর্যটকরা

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মা বানর ও ছানা বানরের চঞ্চল ঘোরাঘুরির দৃশ্য এখন পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। চিরসবুজ এই রেইনফরেস্টে বানরদের এমন পারিবারিক বন্ধন ও আদুরে আচরণ দর্শনার্থীদের গভীরভাবে মুগ্ধ করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে উদ্যানের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার টিনের চালের ওপর দুটি মা বানর বসে আছে। তাদের বুকের সাথে শক্ত করে আঁকড়ে রয়েছে দুটি ছোট ছানা বানর। 

মায়ের পরম স্নেহ আর সন্তানের নিরাপত্তার এই অনন্য দৃশ্য দেখে থমকে দাঁড়ান হেঁটে চলা দর্শনার্থীরা।

বন বিভাগ ও স্থানীয় গাইডদের সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেসাস বানরের বেশ বড় একটি দল বসবাস করে। খাবারের খোঁজে তারা প্রায়ই উদ্যানের বিভিন্ন স্থানে দল বেঁধে ঘুরে বেড়ায়। বিশেষ করে বর্ষার এই মৌসুমে ছানাদের নিয়ে মা বানরদের এমন দৃশ্য বেশি চোখে পড়ে। লাউয়াছড়া ঘুরতে আসা জসিম নামের এক পর্যটক অনুভূতি প্রকাশ করে বলেন, "জঙ্গলের ভেতর মা ও সন্তানের এমন মায়াবী রূপ দেখে মন ভরে যায়। ঠিক মানুষের মতোই এদের স্নেহের বন্ধন। দৃশ্যটি দেখে ছবি না তুলে পারলাম না।"

প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের মতে, বানরদের এসব দৃশ্য কেবল পর্যটকদের বিনোদনই দেয় না, বরং বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা জানান, এই উদ্যানটি নানা জাতের উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। বানর, উল্লুক ও হনুমানসহ বহু বিরল প্রাণীর নিরাপদ আবাসস্থল এটি। উদ্যানে আসা পর্যটকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি অনুরোধ করেন, বন্যপ্রাণীদের কোনো খাবার না দিতে এবং তাদের স্বাভাবিক চলাচলে কোনো ধরনের বিরক্তি সৃষ্টি না করতে।

—জা. অর্থনীতি/এলএটি