Print Date & Time : 07 November 2026 Saturday 02:06 pm

বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। এখন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা যা এতদিন পাওয়া যেত ১৯৯ টাকায়। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের বৈঠকে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। বেড়েছে পরিবহন ব্যয়ও। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি (লিটারে ১০ টাকা) দাম বাড়ানোর। বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করে সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে। সম্প্রতি বেড়েছে চিনির দাম। নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।