Print Date & Time : 07 November 2026 Saturday 11:30 pm

বিমান বাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা সম্পন্ন

image

অনলাইন ডেস্ক: সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের সি-১৩০ হ্যাঙ্গারে এ জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, জানাজায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশ নেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় নিহতদের পরিবারের সদস্য, সাবেক বিমান বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন-ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলাম।

গত সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর চার বিমান সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর জানিয়েছে, জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বিমান বাহিনীর প্রতিনিধি দল যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন করবে।

বাংলাদেশ বিমান বাহিনী নিহতদের মৃত্যুতে গভীর শোক এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

জা.অর্থনীতি/এসআই