Print Date & Time : 07 November 2026 Saturday 12:23 pm

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

image

চাঁদপুর প্রতিনিধি: কক্সবাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার ২ তরুণ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের মাহী উদ্দিন (২২) ও ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। মাহী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে। তাওহীদ মুন্সীবাড়ির মনির হোসেনের ছেলে। তারা একে অপরের বন্ধু।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহী ও তাওহীদ মঙ্গলবার ভোরে কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

সাতক্ষীরায় ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে সাহারপাড় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলছে শোক ও আহাজারি। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। তাদের অকাল মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে নিহত ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

—জা. অর্থনীতি/এনজে