মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
দায়িত্ব পালনে অবহেলার কারণে সংশ্লিষ্ট কেন্দ্রটির দুই শিক্ষককে বাউবির বিএ ও বিএসএস ২০২৫ পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে বাতিল করা হয়েছে কাজিপুর ডিগ্রি কলেজের পুরো পরীক্ষা কেন্দ্রটি এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জন পরীক্ষার্থীকে।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া কেন্দ্রটির পরিবর্তে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে 'গাংনী মহিলা ডিগ্রি কলেজ'কে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
‘প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ফিডিং’
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৮ আগস্ট কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে ব্যাপক অনিয়ম ও নকলের অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে প্রাথমিক পর্যালোচনা শেষে অনিয়ম রোধে ব্যর্থতার দায়ে কক্ষ পরিদর্শক সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক মো. রফিক-উজ-জামানকে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর আজীবনের জন্য বিএ ও বিএসএস পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ঘটনার গভীর তদন্তে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আমিনুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণে জনতার হাতে আটক ২
এ বিষয়ে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা অনিয়মের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। পরীক্ষার গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা করাই বাউবির সর্বোচ্চ অগ্রাধিকার এবং এর সাথে কোনো ধরনের আপস করা হবে না।
অন্যদিকে, কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মের তথ্য ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপাচার্য। তিনি আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন।
—জা.অর্থনীতি/এনজে