বিনোদন ডেস্ক: বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।
সোমবার (৩১ আগস্ট) নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের খবর জানান তারা।
বিবৃতিতে বাদশাহ ও ইশা লেখেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তটি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আমরা সবার কাছে অনুরোধ করছি, এ সময়ে যেন আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হয়।’
তারা আরও জানান, সম্পর্ক নিয়ে কোনো ধরনের জল্পনা বা অনুমান চান না। এ বিষয়ে এটিই তাদের একমাত্র বিবৃতি বলেও উল্লেখ করেন তারা।
২০২৬ সালের মার্চে বাদশাহ ও ইশার বিয়ের খবর প্রকাশ্যে আসে। বিয়ের আগে প্রায় চার বছর সম্পর্কে ছিলেন বলে গুঞ্জন ছিল। দুজনই বরাবরই নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার চেষ্টা করেছেন। পরে ২০২৬ সালের জুনে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এটি বাদশাহর দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয়। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের কন্যাসন্তান জেসেমি গ্রেস মাসিহ সিংয়ের জন্ম হয়। ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
এদিকে সোমবারই বাদশাহ তার প্রথম মারাঠি হিপ-হপ ট্র্যাক ‘চিমনা’ প্রকাশ করেন। গানটিতে দিব্যা কুমার ও মারাঠি লোকশিল্পী নাগেশ মোরওয়েকরের সঙ্গে কাজ করেছেন তিনি। গানটির প্রযোজনা ও সংগীত পরিচালনায় ছিলেন হিতেন।
জা.অর্থনীতি/এসআই