Print Date & Time : 28 October 2026 Wednesday 04:24 am

কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণে জনতার হাতে আটক ২

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় অটোরিকশা (টমটম)-এ এক কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অশালীন আচরণের প্রতিবাদে চলন্ত টমটম থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই ছাত্রী।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজে যাওয়ার পথে টমটমের পেছনের সিটে বসা এক ব্যক্তি বারবার ওই ছাত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। 

একপর্যায়ে গায়ে হাত দিলে আতঙ্কিত হয়ে তিনি চলন্ত টমটম থেকে লাফ দেন। এতে তার দাঁত ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আহত ছাত্রীর চিকিৎসাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি