Print Date & Time : 08 November 2026 Sunday 12:24 pm

নেপালের বন্যার্তদের পাশে দাঁড়াতে পারবেন বাংলাদেশিরা

image

অনলাইন ডেস্ক: নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ তহবিল গঠন করেছে দেশটির সরকার। এই তহবিলে বিদেশে বসবাসরত নেপালিদের পাশাপাশি বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠান অনুদান দিতে পারবেন।

নেপাল সরকার বলেছে, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষকে সহায়তা ও পুনর্বাসনে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। সরকার নির্ধারিত ব্যাংক হিসাবে সরাসরি অনুদান পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ থেকেও আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তা করতে পারবেন।

ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপাল সরকার অনুদান গ্রহণ করছে। বাংলাদেশ থেকে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তা পাঠাতে পারবেন। নেপালের ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে’ অনুদান পাঠানোর ওয়েব ঠিকানা: pmdrf.nchl.com.np

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নিহত ৬০০ ছাড়িয়েছে। নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে বুধবারের প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে শতাধিক বিদেশি রয়েছেন।

পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় নেপালজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলটির অনেক জায়গা জলাভূমির মতো হয়ে গেছে। নতুন করে বন্যার আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস