Print Date & Time : 28 October 2026 Wednesday 07:16 am

পিছনে পুলিশ, গাঁজাভর্তি মাইক্রোবাসসহ পুকুরে চালক

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাভর্তি মাইক্রোবাসসহ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান চালক। এরপর সাঁতরিয়ে পালিয়ে যান চালক ও পাচারকারীরা। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করার সময়  ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে এসআই শামিমের নেতৃত্বে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের অভিযানের এলাকা অতিক্রম করলে সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত না মেনে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে উঠতে থাকে। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয় এবং ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের বাধা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়।

তিনি আরও বলেন, পরে ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালক ও পাচারকারীদের আটকের চেষ্টা চলছে।

—জা.অর্থনীতি/আরএস