Print Date & Time : 07 November 2026 Saturday 04:54 pm

‘পর্যটন শহরে বাস থামবে না, এটা মানা যায় না’

image

মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট-হবিগঞ্জ রুটের বিরতিহীন বাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রাবিরতি না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর শ্রীমঙ্গলকে বিরতিহীন বাসের রুটে উপেক্ষা করায় প্রতিদিন হাজারো যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন।

নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু একটি উপজেলা শহর নয়; এটি দেশের অন্যতম পর্যটন নগরী এবং চা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। প্রতিদিন এখান থেকে শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী সিলেট ও হবিগঞ্জে যাতায়াত করেন। কিন্তু বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে না থামায় সাধারণ যাত্রীদের লোকাল বাসে করে অতিরিক্ত সময় ও টাকা খরচ করে যাতায়াত করতে হচ্ছে।

তারা বলেন, রোগী নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে যাওয়ার সময়ও বিরতিহীন বাসগুলো ব্যবহার করতে না পারায় দুর্ভোগ আরও বাড়ছে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

মানববন্ধনে নেতৃত্ব দেন- হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে, বিশিষ্ট সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ বিশিষ্টজনেরা।

গ্যাস-ফ্রি সনদ নিয়েও ১০ শ্রমিকের মৃত্যু, বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও

বক্তারা অবিলম্বে সিলেট-হবিগঞ্জ রুটের বিরতিহীন বাসগুলোর নির্ধারিত যাত্রাবিরতির তালিকায় শ্রীমঙ্গলকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘটের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।

—জা. অর্থনীতি/এনজে