Print Date & Time : 28 October 2026 Wednesday 06:46 am

রংপুরে শিক্ষকসহ চার হত্যার ঘটনায় আসামিদের স্বীকারোক্তি

image

রংপুর প্রতিনিধি: মাদকসেবনে বাধা দেওয়ায় রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি তথ্যটি নিশ্চিত করেন। 

রোববার (২৩ আগস্ট) রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক এস এম রফিকুল ইসলাম ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরিদর্শক (তদন্ত)  জানান, গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে আদালতে তোলা হলে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উল্লেখ্য, রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে সাড়াশব্দ না পেয়ে গত শনিবার রাতে পুলিশকে খবর দেয় স্বজনেরা। পরে তালা ভেঙে চিলেকোঠায় গণপতি চক্রবর্তী (৬৫), সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং দোতলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করা হয়।

সারাদেশে তোলপাড় সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের পরদিন রোববার ভোরে মাছুয়াপাড়া এলাকা থেকে দুই মামাতো ভাই—মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি