প্রযুক্তি ডেস্ক: নতুন স্মার্টফোন ‘হেলিও ৬২’ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড হেলিও। ১৮ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই হ্যান্ডসেটটি ১৫ মাসের ওয়ারেন্টিসহ টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন রঙে দেশজুড়ে হেলিওর অনুমোদিত আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড। স্ক্রিন সুরক্ষায় ‘আয়রন গার্ড প্রটেকশন’ যুক্ত করার পাশাপাশি এতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে, যা ধুলাবালি ও পানির ছিটা থেকে রক্ষা করবে। এছাড়া ১ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে গেলেও ফোনের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে ব্র্যান্ডটি।
ডিভাইসটিতে রয়েছে ১২ ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজের ২.০ গিগাহার্জ মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টাকোর প্রসেসর এবং মালি জি৫২ এমসি২ জিপিইউ। ৬ জিবি ফিজিক্যাল র্যামের পাশাপাশি এতে ৬ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধাও রাখা হয়েছে। ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই চার্জার দিয়ে ৪৩ মিনিটে ৫০ শতাংশ এবং ১ ঘণ্টা ৪৫ মিনিটে পূর্ণ চার্জ করা সম্ভব।
ছবি তোলার জন্য পেছনে রয়েছে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল প্রধান অটোফোকাস লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে দেওয়া হয়েছে এফ/২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরা। এতে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।
অ্যান্ড্রয়েড ১৬ চালিত এই হ্যান্ডসেটে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ডুয়াল স্পিকার, এনএফসি, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং কাস্টমাইজযোগ্য ‘হ্যালো লাইট’ নোটিফিকেশন ফিচার রয়েছে ফোনটিতে।
নতুন ডিভাইসটি প্রসঙ্গে হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম জানান, বাজেটের মধ্যে প্রয়োজনীয় ফিচারের সঠিক সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের চাহিদা মেটাতেই হেলিও ৬২ বাজারে আনা হয়েছে।