Print Date & Time : 28 October 2026 Wednesday 06:29 am

মাজার ওয়াকফ এস্টেট নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

image

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেট, মসজিদ ও বিপণিবিতানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সিলাম চকের বাজার এলাকায় জামে মসজিদ ও ঈদগাহের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলাম শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। শুক্রবার জুম্মার নামাজ শেষে হাইকোর্টের সাম্প্রতিক আদেশের সূত্র ধরে মোতাওয়াল্লীর দায়িত্ব হস্তান্তর নিয়ে বাগবিতণ্ডা ও একপর্যায়ে তা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনসহ ৭ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের আরও প্রায় ২৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ওয়াকফ প্রশাসকের গঠিত ৯ সদস্যের কমিটিতে ফজলু মিয়াকে মোতাওয়াল্লী করা হলে হাইকোর্টে রিট দায়ের হয়। রিটের শুনানিতে হাইকোর্ট কমিটি বহাল রেখে ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে আবেদ রাজাকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সেই অনুযায়ী আবেদনের পক্ষ দায়িত্ব নিতে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেন জানান, বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশি অভিযান চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি