Print Date & Time : 07 November 2026 Saturday 10:38 pm

প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, মামলার বাদী গ্রেপ্তার

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মা হালিমাকে (৬৫) হত্যার অভিযোগে মামলার বাদী ও নিহতের মেয়ে চাম্পাকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাম্পা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পিবিআই কিশোরগঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই জানায়, ২০২৩ সালের ১৩ মার্চ করিমগঞ্জের সিন্ধ্রীপ গ্রামে হালিমা নামের এক বৃদ্ধাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। পরদিন নিহতের মেয়ে চাম্পা বাদী হয়ে প্রতিবেশী বিল্লালসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই চাম্পার কথাবার্তায় অসংগতি পায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও তদন্তের তথ্য উল্লেখ করে পিবিআই কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাম্পা ও তার সহযোগীরা হালিমাকে মারধর ও পরবর্তীতে হত্যার পরিকল্পনা করে। মূলত জমিটি সহজে হস্তগত করা এবং প্রতিপক্ষ বিল্লালদের ফাঁসাতেই তারা নিজ মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে মাথা মাটিতে পুঁতে রাখে। চাম্পা চতুরতার সঙ্গে নিজেই বাদী হয়ে মামলা করলেও শেষ পর্যন্ত পিবিআইয়ের তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসে।  

—জা. অর্থনীতি/এলএটি