Print Date & Time : 07 November 2026 Saturday 07:17 pm

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কি মেলে সেবা?

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠেছে। নির্ধারিত নিয়মে নিজে আবেদন করলে সামান্য ভুলেও ফিরিয়ে দেওয়া হলেও, দালালের মাধ্যমে বাড়তি টাকা দিলেই মিলছে সহজ সমাধান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নিয়ম মেনে লাইনে দাঁড়িয়েও বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। 

অন্যদিকে, অফিসের বাইরে অপেক্ষারত দালাল চক্রের হাতে বাড়তি টাকা দিলে সহজেই জমা হচ্ছে আবেদন। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি ফির বাইরে ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা বাড়তি না দিলে ফাইল আটকে দেওয়া হয়। এমনকি নাম বা ঠিকানা সংশোধনের জটিলতা থাকলে ৩০ থেকে ৪০ হাজার টাকারও চুক্তি করা হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নাম বা কাগজপত্রের ছোটখাটো ভুল কিংবা এনআইডির মূল কপি না থাকার অজুহাতে সাধারণ মানুষকে একাধিকবার ঘুরানো হয়, অথচ দালালের শরণাপন্ন হলেই সেসব ফাইল দ্রুত গৃহীত হয়।

তবে অনিয়ম ও দালালদের সঙ্গে যোগসাজশের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোরাদ চৌধুরী। তিনি জানান, কাগজপত্র ঠিক থাকলে কাউকে ফেরত দেওয়া হয় না এবং অনলাইনে আবেদন হওয়ায় এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।

—জা. অর্থনীতি/এলএটি