Print Date & Time : 07 November 2026 Saturday 02:50 am

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা একযোগে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে ৩০ জন শিক্ষার্থী ও তাদের পরিবারকে বিভিন্ন শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে সংস্থা ‘আভাস’-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আভাস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থটির প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বাল্যবিয়ে বিরোধী সামাজিক প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে লাল কার্ড প্রদর্শন করেন। পরে বাল্যবিয়ে রোধ ও শিক্ষা সহায়তা হিসেবে ৫ জন মেয়ে শিশুকে বাইসাইকেল, ১০ জনকে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং ১৫টি পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধনমূলক আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।

—জা. অর্থনীতি/এলএটি