সিলেট প্রতিনিধি: শেষ মুহূর্তে ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে জমে উঠেছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা। চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় আলিয়া মাদ্রাসা মাঠের মেলা প্রাঙ্গণ এখন মুখরিত। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে গাছপ্রেমীদের সমাগম বাড়ছে উল্লেখযোগ্য হারে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি দুর্লভ ও আকর্ষণীয় গাছের চারায় সেজেছে স্টলগুলো।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকা এ মেলা চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। মেলায় ১ লাখ টাকা দাম হাঁকানো মালয়েশিয়ান ফলজ গাছ রামবুটানসহ পারসিমন, ভ্যারিগেটেড কাঁঠাল, অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমন ও বিভিন্ন দুর্লভ চারা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিক্রির শীর্ষে রয়েছে ছাদবাগানের উপযোগী দেশি-বিদেশি ফল ও ফুলের চারা।
মেলায় আসা ক্রেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এই মেলা সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে। সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জানান, শুরুর দিকে কিছু প্রতিবন্ধকতা থাকলেও শেষ সময়ে এসে বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াচ্ছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মেলায় প্রতিদিন গড়ে ৫ লাখ টাকার বেশি গাছপালা কেনাবেচা হচ্ছে। আয়োজকদের আশা, মেলার বাকি দিনগুলোতে কেনাবেচা ও দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে।
—জা. অর্থনীতি/এলএটি