Print Date & Time : 08 November 2026 Sunday 06:11 am

যুবদল নেতা হত্যার রায় প্রত্যাখ্যান, সংবাদ সম্মেলনে কাঁদলেন মা

image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে রায় প্রত্যাখ্যান করেছেন নিহতের পরিবারের সদস্যরা। একই সঙ্গে মূল অভিযুক্তদের ফাঁসি ও খালাসপ্রাপ্ত আসামিদের বিচারের দাবি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের মা মাজেদা বেগম। তিনি বলেন, “আমি ন্যায্য বিচার চাই, ১০ বছরের বেশি সময় ধরে লড়ে গেছি। মঙ্গলবার আশায় বুক বেঁধে আদালতে গেলেও আমরা হতাশ হয়েছি।”

সংবাদ সম্মেলনে নিহতের ভাই আরিফ হোসেন ও চাচাতো ভাই ওয়ালিদ সেখ অভিযোগ করে বলেন, পরকীয়ার জেরে অত্যন্ত পরিকল্পিতভাবে সুজনকে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী রাশেদ সুজনের ছোট বোনের জামাই হওয়া সত্ত্বেও তাকে এবং পিয়াসকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যায় না। তাদের দাবি, হত্যার অস্ত্র কেনা থেকে শুরু করে পুরো ষড়যন্ত্রে রাশেদ সরাসরি জড়িত ছিল এবং ঘটনার পর সুজনের স্ত্রী তিথি তাকে বিয়েও করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ জুন রাতে সুজনকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা করা হয়। দীর্ঘ শুনানি শেষে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামি তিথি ও মনিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে খালাস দেন। রায়ের দিন আদালত চত্বরে নিহতের স্বজনেরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি